সিরাজগঞ্জে কুপিয়ে হত্যা করে থানায় হাজির যুবক
“থানায় এসে সাইফুল বলেন- আমি মানুষ মেরেছি।”
সিরাজগঞ্জের সদর উপজেলায় কুপিয়ে হত্যার পর একজন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার দুপুরে উপজেলার কালিয়া কান্দাপাড়া দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহত আলম শেখ (৫৫) ওই এলাকার বাসিন্দা। থানায় হাজির হওয়া সাইফুল ইসলাম (২৫) একই এলাকার বাসিন্দা।
ওসি সিরাজুল ইসলাম জানান, “দুপুরে থানায় এসে সাইফুল ইসলাম বলতে থাকেন, আমি মানুষ মেরেছি। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, দুপুরের দিকে ওই এলাকার একটি চায়ের দোকানে আলম শেখ আড্ডা দিচ্ছিলেন।
“ওই সময় সাইফুল সেখানে গিয়ে আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে কপালে আঘাত করলে আলম দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সাইফুল তাকে ধরে গলাকেটে হত্যার পর নিজেই থানায় চলে আসেন।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, সাইফুল মানসিক ভাবে অসুস্থ। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
