ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পুলিশ জানায়, রাতে ওই গ্রামের একটি গোয়াল ঘর থেকে রিয়াজকে আটক করে গ্রামবাসী।
ঝালকাঠির নলছিটি উপজেলায় চোর সন্দেহে গাছে বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাপর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান।
নিহত রিয়াজ ফকির (৩০) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের বাসিন্দা।
ওসি শহীদুল বলেন, “রোববার রাত ৩টার দিকে ওই গ্রামের নাসিমা বেগমের বাড়ি গোয়াল ঘর থেকে চোর সন্দেহে রিয়াজকে আটক করে গ্রামবাসী। পরে রাতভর তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
“সকালে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ওই চিকিৎসকের।
