১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 11:21 AM

Updated : 26 Aug 2026, 09:52 AM

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রানিহাটি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।

নিহতরা হলেন, আব্দুস সালাম ও আব্দুল মতিন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আব্দুল মতিনের বড় ভাই মো. আব্দুস সামাদ টিটু। 

আব্দুস সালাম জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আব্দুল মতিন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ফতেপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালামের ওপর অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।  

এ সময় তার পাশে বসে থাকা শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয়। হামলার সময় তাদের বাঁচাতে গেলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মো. আব্দুস সামাদ টিটু। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।