২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকায় ভোট চেয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না বিএনপি নেতা

বরগুনার ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা চেষ্টার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নৌকায় ভোট চেয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না বিএনপি নেতা

গ্রেপ্তার মতিউর রহমান রাজা।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 11:55 PM

Updated : 25 Dec 2023, 11:55 PM

বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের পথসভায় বক্তব্য দেওয়া এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা চেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম জানান।

গ্রেপ্তার মতিউর রহমান রাজা বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য।

পুলিশ জানায়, নভেম্বরে ‘সরকার পতন’ আন্দোলনে অংশ নিয়ে নাশকতা চেষ্টার অভিযোগে বরগুনার সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ বাদী হয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় মতিউরও আসামি।

ওসি বশিরুল আলম জানান, রোববার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় বক্তব্য দেন মতিউর। এ সময় তিনি নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

নাশকতা মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মতিউর। পরে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


নৌকার মঞ্চে মতিউরের বক্তব্য দেওয়া প্রসঙ্গে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, “মতিউর আমার কমিটির সদস্য। আমাদের ধারণা, তিনি গ্রেপ্তার এড়াতে নৌকার মঞ্চে উঠেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।”


এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বরগুনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোজাম্মেল হোসেন।