০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

বিদেশে লোক পাঠানো নিয়ে বিরোধের জেরে দুবাই প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে মামলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 07:29 PM

Updated : 06 Oct 2026, 07:29 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাবুল আলী নামের এক দুবাই প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, সোমবার রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লস্করপুর বাটা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শামীম (২৪) ও নাহিদ আলী (১৯)।

রোববার রাতে লস্করপুর বাটা গ্রামের একটি আমবাগানে বাবুলকে বেধড়ক মারধর করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ২৪ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, বিদেশ পাঠানো নিয়ে স্থানীয় আনারুল হকের সঙ্গে বাবুল আলীর বিরোধ ছিল।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, দুবাই পাঠানোর কথা বলে রাশিয়ায় পাঠানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।