ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
রাত ৩টার দিকে ব্যাংকের ভল্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখা লুটের চেষ্টার ঘটনায় একজন নিরাপত্তকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নাম আসার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাজহারুল (২২) সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা।
সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা লুটের চেষ্টা হয় গত ২১ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে। এ ঘটনায় কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। তার বাড়ি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে।
ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে পুলিশকে জানান স্থানীয়রা। এ সময় নিরাপত্তাকর্মী বাঁধন চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে আটক করেন।
ঘটনার পরদিন ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
থানার এক পুলিশ সদস্য বলেন, কাউসারকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।
ওসি সাজ্জাদ রোমন বলেন, গ্রেপ্তার কাউসারের জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
