১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্ধবীদের সঙ্গে পুকুরে নেমে প্রাণ গেল স্কুলছাত্রীর

পানির তলদেশ থেকে স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 03:51 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিক উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন।

১০ বছর বয়সী আমেনা আক্তার ওই গ্রামের জাকির মুন্সীর মেয়ে এবং মৃর্জারচর বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “স্কুলে যাওয়ার আগে আমেনা তার বান্ধবীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতায় পুকুরের গভীর স্থানে গিয়ে আমেনা ও তার বান্ধবী শ্রাবণী তলিয়ে যায়।

“এ সময় বাকি সহপাঠীদের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত এসে শ্রাবণীকে উদ্ধার করে। এর প্রায় ১৫ মিনিট পরে পানির তলদেশ থেকে স্থানীয়রা আমেনাকে উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশিকুল ইসলামও আমেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।