জুলাই অভ্যুত্থান: এক মাসের কর্মসূচি ইসলামী আন্দোলনের
১০ জুলাই ঢাকায় গণমিছিল করবে দলটি।
জুলাই গণঅভ্যুত্থানের ‘প্রত্যাশা বাস্তবায়নে’ গণমিছিলসহ এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার বিকালে দলটির পাঠানো এক বিবৃতিতে কর্মসূচি তুলে ধরা হয়।
কর্মসূচির মধ্যে আগামী ১০ জুলাই ঢাকায় গণমিছিল করবে দলটি। ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উদযাপন করা হবে।
১৯ জুলাই দেশব্যাপী আলোচনাসভা করবে ইসলামী যুব আন্দোলন; ৫ অগাস্ট দেশজুড়ে গণমিছিল করা হবে।
এ ছাড়া জুলাই শহীদদের কবর জিয়ারত, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা, সংলাপ ও দোয়া মাহফিল, গ্রাফিতি ও দেয়াল লিখন, ডকুমেন্টারি প্রদর্শন, জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।
বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমানের বক্তব্যে বলা হয়, “জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের টাটকা। তারুণ্যের রক্ত, আহতদের আহাজারি এখনো আমাদের উদ্দীপ্ত করে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে আমাদের অগ্রগতি কাম্য মানের নয়। স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপকল্পে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম স্থবির হয়ে আছে।
“সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ অকার্যকর করে দেওয়া হয়েছে। গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, যা মুক্তিকামী দেশবাসীর জন্য চরম হতাশার।”
তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেবে না। সেজন্য জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে মাঠে থাকবে তারা।”
