বিএসবিআরএ সভাপতি হলেন মোহাম্মদ মহসিন
জাহাজ ভাঙার ইয়ার্ডগুলোর সংগঠনটির নতুন এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।
নগরীর রেডিসন ব্লু হোটেলে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বাংলাদেশে জাহাজ ভাঙার ইয়ার্ডগুলোর সংগঠন বিএসবিআরএর নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
কমিটির সভাপতি পদে মোহাম্মদ মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন প্রার্থী হলেও ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়।
এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে খাজা আজমির স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোহাম্মদ সেলিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএসবিআরএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮৪জন ভোটারের মধ্যে ৭১জন ভোট দিয়েছেন। দুই সহ-সভাপতি এবং সাতটি নির্বাহী সদস্য পদে ভোট হয়।”
বিএসবিআরএর নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের লক্ষ্য শিপ ব্রেকিং শিল্পের ধারাবাহিক ও টেকসই উন্নতি সাধন। ইতোমধ্যে এখানে যেসব গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ড হয়েছে, তা বিশ্বেমানের দিক থেকে শীর্ষে। সেই মান ধরে রাখতে চাই।”
ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী।
সাতটি নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস এম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ সাইদ।
দুটি সহ-সভাপতি পদের জন্য লড়াই করেছেন তিনজন। সাতটি সদস্য পদে প্রার্থী ছিলেন নয়জন।
