নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা
কারা, কেন কামরুজ্জামানকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।
নরসিংদী শহরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে, যিনি সৌদি আরব থেকে মাস তিনেক আগে দেশে ফিরেছিলেন।
বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লার এক বাড়ির ছাদে এ হত্যাকাণ্ড ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান।
নিহত কামরুজ্জামান (৪০) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। এক সময় তিনি দেশে টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। পরে সৌদি আরবে গিয়ে সেখানে কর্মরত ছিলেন দীর্ঘদিন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে দেশে ফিরে আবারও টিউশনি শুরু করেন কামরুজ্জামান। বুধবার সন্ধ্যায় সাটিরপাড়ার বাসা থেকে বের হন তিনি। পরে রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা সেখান থেকে গলাকাটা অবস্থায় কামরুজ্জামানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, কারা, কেন কামরুজ্জামানকে হত্যা করেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
