হবিগঞ্জে মদ, ইয়াবাসহ ২ ‘মাদক কারবারি’ আটক
মদ-ইয়াবার সঙ্গে আটক কাছ থেকে গাজা, ফেনসিডিলসহ টাকা জব্দ করা হয়।
হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে, যাদের ‘মাদক কারবারি’ বলছে সেনাবাহিনী।
শনিবার মধ্যরাতে শহরের বাসস্ট্যান্ড ও রিচি এলাকা থেকে সেনাবাহিনী হবিগঞ্জ সদর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে আটক করে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।
আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের ছেলে ইমরান মিয়া (২৭) ও মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের শানু মিয়ার ছেলে আরমান মিয়া (৩২)।
আটকদের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ, ৬৯টি ইয়াবা, এক কেজি গাজা, একটি ফেনসিডিলসহ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
ওসি আলমগীর কবির বলেন, রোববার বিকালে সেনাবাহিনী আটককৃতদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
