২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী নদীতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাশিয়ানসহ তিন শিশু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। পরে দুজনকে উদ্ধার করতে পারলেও মাশিয়ানের খোঁজ মিলছিল না।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 02:58 PM

Updated : 15 Apr 2024, 05:01 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দশ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দশকিয়া ইউনিয়নের খেয়াঘাটের পাশে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান।

মৃত মাশিয়ান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।   

এর আগে রোববার দুপুরে নদীতে গোসল করতে নেমে দশকিয়া এলাকায় নিখোঁজ হয় ওই শিশু। 

সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, “মামা নাহিদ হোসেনের বিয়ে উপলক্ষে মাশিয়ান 0 দশকিয়া এলাকায় বেড়াতে এসেছিল। রোববার মাশিয়ানসহ তিন শিশু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে।

“পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করতে পারলেও মাশিয়ানের খোঁজ মিলছিল না। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এলাকাবাসী ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। সকালে তার লাশ পাওয়া গেছে।”

অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান।