২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামবাসীর তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়া’ বিএসএফ সদস্যকে ৪ ঘণ্টা পর ফেরত

বিজিবি জানায়, পরনে টি শার্ট ও হাফ প্যান্ট পড়া ওই বিএসএফ সদস্য ছিলেন মদ্যপ অবস্থায়।

‘গ্রামবাসীর তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়া’ বিএসএফ সদস্যকে ৪ ঘণ্টা পর ফেরত

বিএসএফ সদস্য শ্রী সনু কুমার জেটপ

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 09:56 AM

Updated : 28 Jul 2023, 01:48 PM

ভারতীয় অংশের একটি গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকে পড়েন এক বিএসএফ সদস্য। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সাড়ে ৪ ঘণ্টা পর তাকে ফেরত দেওয়া হয়। 

স্থানীয় লোকজন, ভূরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবি জানায়, বৃস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। 

বিজিবি জানায়, ভারতের বিষখাওয়া ৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দর সংলগ্ন বিএসসি মোড় এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নে আওতায় সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে যান। স্থানীয়রা সনু কুমারকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

বিজিবির দাবি, আটক হওয়ার পর শ্রী সনু কুমার জেটপ জানান, ভারতের অভ্যন্তরে তার ক্যাম্পের পাশের গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন তিনি। বৃস্পতিবার রাতে তিনি সেই নারীর সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান। তখন নারীর স্বামী ও স্থানীয়রা টের পেয়ে তাকে ধাওয়া করেন। তাড়া খেয়ে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন। তখন এলাকাবাসী তাকে আটক করে বিজিবির হাতে তোলে দেন। 

বিজিবি আরও জানায়, টি শার্ট ও হাফ প্যান্ট পরা ওই বিএসএফ সদস্য ছিলেন মাতাল অবস্থায়। অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলে জানায় বিজিবি।  

বিষয়টি সোনাহাট বিজিবি ক্যাম্প কমান্ডার ও বিএসএফের অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে জানানো হয়।    

কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন জানান, পরে পতাকা বৈঠকের মাধ্যমে রাত সাড়ে ১২টায় সনু কুমারকে বিএসএফের হস্তান্তর করা হয়। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।