মাদারীপুরে ‘পূর্ব শত্রুতার জেরে’ কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে
মাদারীপুরে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন কিশোরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
আহত কলেজ ছাত্রের নাম আকিব হাওলাদার (১৬)। সে বড় মেহের এলাকার ফারুক হাওলাদারের ছেলে এবং শাজাহান খান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের থেকে সন্ধ্যা ৭টার দিকে মস্তফাপুর বড় ব্রিজের কাছে আকিবকে একা পেয়ে স্থানীয় একটি ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য হিসেবে পরিচিত কয়েকজন কিশোর ধারালো ক্ষুর দিয়ে তার হাতে ও মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, আহত কলেজ ছাত্রের পরিবারের সদস্যদের থানায় যোগোযোগ করতে বলা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
