২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নগরীর আদাবৈ এলাকায় গত শুক্রবার দুপক্ষের ধাওয়া-পাল্টা ও গোলাগুলি হয়; সেখানে ছোট দেওড়া এলাকার আতিকুর রহমান আতিক গুলিবিদ্ধ হয়েছিলেন।

গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

গ্রেপ্তার রাকিবুল ইসলাম শাহিন ওরফে ব্ল্যাক শাহিন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 12:56 AM

Updated : 21 Jun 2023, 12:56 AM

গাজীপুরে ঝুট ব্যবসায়ের ‘দখল নিয়ে’ দুপক্ষের গোলাগুলিতে আহত এক যুবক হাসপাতালে মারা গেছেন।

গত শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ও গোলাগুলি হয়; সেখানে মহানগরীর ছোট দেওড়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. আতিকুর রহমান আতিক (৩২) গুলিবিদ্ধ হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ওই ঘটনায় আতিক ছাড়াও আহত হয়েছিলেন শাহদাত হোসেন নামে আরেকজন। চিকিৎসাধীন আতিক মারা গেলেও শাহদাত আশঙ্কামুক্ত আছেন।

এ ঘটনায় মঙ্গলবার আতিকুরের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন।

নগর পুলিশের দপ্তরে উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব জানান, শুক্রবার সকালে নেক্সট এক্সপোর্ট জোন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে কারখানার সামনে দুপক্ষের ধাওয়া-পাল্টা হয়।

তিনি জানান, এ বিষয়ে শাহাদত হোসেনের মা করিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলা করেন। মামলার পর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ছোট দেওড়া এলাকা থেকে ১৯ মামলার আসামি ব্ল্যাক শাহিনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পরে শাহিনের স্বীকারোক্তি অনুযায়ী তার কেবল ও ইন্টারনেট ব্যবসার অফিস কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে গাজপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানিয়েছেন। 

আরও পড়ুন

পুরনো খবর:

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৯