২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৯

গ্রেপ্তার এক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৯

গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে হামলায় ঘটনায় গ্রেপ্তার আটজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 12:05 AM

Updated : 19 Jun 2023, 12:05 AM

গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিতে গিয়ে শুক্রবার প্রকাশ্যে হামলা ও গুলিতে দুজনের আহত হওয়ার ঘটনা ঘটে। মামলার পর শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার দুপুরে মহানগর পুলিশের সদরদপ্তরে উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার  ব্যক্তিরা হলেন- গাজীপুর মহানগর ও সদর থানার কাজী বাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম শাহিন ওরফে ব্ল্যাক শাহিন (৩৪), তড়ৎপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে মো. সাকিবুল হাসান (২২), ভোড়া এলাকার ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে মহিউদ্দিন বিপ্লব (২৬), ছোট দেওড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. রাকিবুদ্দিন (১৮), একই এলাকার আজিজুল হকের ছেলে মো. শাহজাহান (২৭), রহিমের ছেলে রায়হান মাহমুদ (২৭), ওলিউল্লাহর ছেলে মনির হোসেন (২৮), দক্ষিণ ছায়াবিথি এলাকার আনোয়ার হোসেনের ছেলে খাইরুল (২৭) এবং পূবাইল থানার তেলীনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয় (১৮)।

উপ-কমিশনার বলেন, শুক্রবার সকালে নেক্সট এক্সপোর্ট জোন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে কারখানার সামনে দুপক্ষের ধাওয়া-পাল্টা হয়। এ সময় অস্ত্রধারীদের গুলিতে আতিকুর রহমানের কোমরে ও শাহাদত হোসেনের পেটে গুলি লাগে। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আবু তোরাব বলেন, এ বিষয়ে শাহাদত হোসেনের মা করিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলা করেন। মামলার পর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ছোট দেওড়া এলাকা থেকে ১৯ মামলার আসামি ব্ল্যাক শাহিনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

Image

গাজীপুর মহানগর ও সদর থানার কাজী বাড়ি এলাকার রাকিবুল ইসলাম শাহিন ওরফে ব্ল্যাক শাহিন।

পরে শাহিনের স্বীকারোক্তি অনুযায়ী তার কেবল ও ইন্টারনেট ব্যবসার অফিস কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি গুলি জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেছে বলে জানান তোরাব।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার (সদর) ফাহিম আসজাদ, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. আসাদুজ্জামান, সদর থানার ওসি জিয়াউল হক উপস্থিত ছিলেন।