সিরাজগঞ্জ-পাবনা রেলপথে ভাঙছে স্লিপার, ঝুঁকিতে চলছে ট্রেন
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের তদারকিতে আছে; আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচলের পথে সিরাজগঞ্জ-পাবনা রেললাইনের কংক্রিটের স্লিপারে প্রতিনিয়ত ভাঙন চলছে। এ কারণে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ রেলপথে ২৪টি ট্রেন চলাচল করছে।
ঝুঁকিপূর্ণ এ রেলপথে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও স্থানীয়রা।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের তদারকিতে আছে; আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম আহম্মেদ রঞ্জু জানান, উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন থেকে দিলপাশা স্টেশন পর্যন্ত ৪/৫ কিলোমিটার রেলপথের প্রায় ২৫ ভাগ কংক্রিট স্লিপার ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে এ রেলপথে প্রতিনিয়ত ট্রেনগুলো চলাচল করছে।
“৩/৪ মাস আগে ভেঙে যাওয়া অনেকগুলো স্লিপার বদল করেছিল রেল বিভাগ। আবার একই অবস্থা হয়েছে।”
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে দ্রুত ভেঙে যাওয়া স্লিপারগুলো পরিবর্তনের দাবি করেছেন এই জনপ্রতিনিধি।
নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শরিফ আহম্মেদ বলেন, পাবনার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ রেলপথের অনেক স্থানে স্লেপার ভাঙার কারণে ট্রেনে বেশি ঝাঁকুনি লাগে।
“চলার পথে দুর্ঘটনার আশঙ্কায় থাকি। গুরুত্বপূর্ণ এ রেলপথটি জরুরি ভিত্তিতে মেরামত করা উচিত। অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এ রেলপথটি দুর্ভোগের বড় কারণ হয়ে উঠবে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহাকরী প্রকৌশলী আহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর আগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৬৫ কিলোমিটার রেলপথের ৯ হাজার ভাঙা কংক্রিটের স্লিপার বদলানো হয়েছে।
“এ রেলপথের বিভিন্ন স্থানে আবার বেশ কিছু স্লিপার ভেঙে গেছে। সেগুলো বদলানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”
তিনি বলেন, দেড় থেকে দুই ফুট পর পর স্লিপারগুলো বসানো হয়েছে। যেসব স্থানে বেশি স্লিপার ভেঙেছে, সেই সকল স্থানে বিকল্প হিসেবে অতীতের মতো কাঠের স্লিপার বসানো হচ্ছে।
“এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি আমরা সব সময় তদারকি করছি।”
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ (পাকশী) বীরবল মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরাতন হয়ে যাওয়ায় কংক্রিটের স্লিপারগুলো ভেঙে যাচ্ছে। এগুলো পরিবর্তনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৩/৪ মাসের মধ্যে ভেঙে যাওয়া স্লিপারগুলো বদলানো হবে।
