২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: সিলেটে বিএনপির সমাবেশ একদিন এগিয়ে ১৯ নভেম্বর

নগরের আলীয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এইচএসসি পরীক্ষার কারণে সেখানে সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 04:45 PM

Updated : 06 Nov 2022, 04:45 PM

এইচএসসি পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ একদিন এগিয়ে আনা হয়েছে।

রোববার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০ নভেম্বরের পরিবর্তে এই সমাবেশ ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নগরের আলীয়া মাদ্রাসা মাঠে ২০ নভেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এইচএসসি পরীক্ষার কারণে রোববার থেকে ওই এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে সিলেট মহানগর পুলিশ।

এরপর সমাবেশের স্থান নিয়ে শঙ্কা দেখা দিলে সংবাদ সম্মেলন করে সমাবেশ একদিন এগিয়ে আনার ঘোষণা দিলো বিএনপি।

সংবাদ সম্মেলনে আব্দুল মুক্তাদির বলেন, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর এটি নির্ধারণ করা হয়েছে। এ দিন এইচএসসির কোনো পরীক্ষা নেই।

সিলেটের বিভাগীয় সমাবেশে প্রচুর লোকজনের সমাগম হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “দেশের অন্য বিভাগের মত সকল বাধা উপেক্ষা করে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন।“

“এ উপলক্ষ্যে সকল প্রসস্তুতিও সম্পন্ন করা হয়েছে।”

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।