মেহেরপুরে বৃদ্ধকে হত্যার এক দশক পর একজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দিয়েছে আদালত।
মেহেরপুরের গাংনীতে বৃদ্ধকে হত্যার এক দশক পর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) পল্লব ভট্টাচার্য্য জানান।
দণ্ডপ্রাপ্ত ৪২ বছর বয়সী শরিফুল ইসলাম উপজেলার কাজীপুর মাঠপাড়া গ্রামের মো. রোমাজিতের ছেলে।
নিহত ৮০ বছর বয়সি বৃদ্ধ কাজিম উদ্দিন কাজু ওই গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি পল্লব বলেন, ২০১৩ সালের ২৬ মে রাতে কাজিম মাঠপাড়া গ্রামের নাজিম উদ্দিনের দোকানে চা-পান খেতে যান। খাওয়া শেষে বিল দেওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে কাজিমের ঝগড়া হয়।
“সে সময় শরিফুলসহ নয়জন দোকানদারের পক্ষ নিয়ে কাজিমের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন তারা।
“কাজিম মাটিতে পড়ে গেলে তাকে আরও আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে আবু সাঈদ দফাদার ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া গেলে ওই বছরের ২২ জুলাই ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পিপি আরও জানান, রায়ে শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামি বেকসুর খালাস পেয়েছেন।
