১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে

চিত্রনাট্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক প্রজন্মের তিন তরুণ-তরুণীর সম্পর্কের সমীকরণ। সম্পর্ক

এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে

‘আইসক্রিম’ সিনেমার পোস্টার। ছবি: চরকির সৌজন্যে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 10:11 PM

Updated : 19 Oct 2026, 10:11 PM

ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েন, তরুণ বয়সের প্রেম, ভালোবাসার আবেগ আর সম্পর্কের জটিল গল্প নিয়ে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমা ‘আইসক্রিম’।

প্রায় ১০ বছর পর রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি দেখা যাবে চরকিতে। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, সোমবারে রাত ১২টা থেকে চরকিতে প্রচার হবে ‘আইসক্রিম’ সিনেমা।

এই সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক প্রজন্মের তিন তরুণ-তরুণীর সম্পর্কের সমীকরণ। সম্পর্ক টিকিয়ে রাখার যত্ন, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের কারণে অনুভূতির গলে যাওয়া এই সার্বিক টানাপোড়েনই চিত্রনাট্যের মূল উপজীব্য।

‘আইসক্রিম’ সিনেমা দিয়েই চলচ্চিত্রে যাত্রা ঘটেছিল এখনকার সময়ের পরিচিত মুখ শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের। গল্পের প্রয়োজনে একেবারেই নতুনদের বেছে নিয়েছিলেন নির্মাতা রেদোয়ান রনি৷

এক দশক পর ওটিটিতে মুক্তি নিয়ে রনি বলেন, "১০ বছর আগে সিনেমাটি যখন বানিয়েছিলাম, তখন এর পেছনে ছিল কিছু তরুণের অক্লান্ত পরিশ্রম আর তরতাজা স্বপ্ন, একঝাঁক নতুন মুখ আর সীমাহীন আবেগ। সময়ের সঙ্গে জীবনের সমীকরণ বদলালেও কিছু অনুভূতি কখনও ফিকে হয় না। এক দশক পর সিনেমাটি চরকিতে নতুন করে আসতে যাচ্ছে, তখনও মনে হচ্ছে সিনেমার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক।"

আবার সিনেমাটি পর্দায় আসা নিয়ে উচ্ছ্বসিত অভিনয়শিল্পীরাও।

নাজিফা তুষি বলেন, "তখন সিনেমার বড় ক্যানভাস বা ইন্ডাস্ট্রির কিছুই বুঝতাম না; শুধু অভিনয়ের তীব্র ইচ্ছা ছিল। আজ অবাক লাগে ভেবে যে কীভাবে কীভাবে কাজটা করেছিলাম এবং ১০ বছর পার হয়ে গেল।"

অভিনয় জীবনের শুরুর কথা স্মরণ করে শরিফুল রাজ বলেন, "১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে পরিবর্তন আছে, কিন্তু 'আইসক্রিম' আমার ক্যারিয়ারের ভিত্তি। রিহার্সেল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস আর শুটিং সেটের মুহূর্তগুলো আজও জীবন্ত।”

২০১৬ সালের ২৯ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইনক্রিম’।

শুক্লা বণিক, রেদওয়ান রনি ও সালমা আদিল প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন প্রয়াত এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম।

সিনেমার ‘বোকা চাঁদ’ ও ‘পথ’ গান দুইটিতে কণ্ঠ দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও মিনার রহমান।