১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

শরিফুল রাজকে নিয়ে অংশুর ‘লিম্বো’

পোস্টার শেয়ার করে অংশু লিখেছেন, “মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’।”

শরিফুল রাজকে নিয়ে অংশুর ‘লিম্বো’

লিম্বো সিনেমায় শরিফুল রাজ। ছবি: নির্মাতার সৌজন্যে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 08:42 PM

Updated : 19 Nov 2026, 08:52 PM

নির্মাতা তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’তে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা শরিফুল রাজ।

বুধবার সোশাল মিডিয়ায় সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ করে এ ঘোষণা দেন নির্মাতা।

এর মধ্য দিয়ে ‘ন ডরাই’ সিনেমার দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এ নির্মাতা-অভিনেতা জুটি।

পোস্টার শেয়ার করে অংশু লিখেছেন, “মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগত সাথে নিয়ে!”

Image

লিম্বো সিনেমার পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

একই পোস্ট দিয়ে শরিফুল রাজও এ খবর জানিয়েছেন।

নির্মাতা অংশু জানিয়েছেন, ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। ভারতের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’-এর গল্প ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

আন্তর্জাতিক মান বজায় রাখতে তিনটি ভিন্ন দেশে সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের লক্ষ্য রয়েছে নির্মাতার।

সিনেমার টিজারে লাল আঁচল ওড়ানো এক নারীর উপস্থিতি দেখা গেছে, পাশাপাশি পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমানো একটি মহাকাশযান দেখা গেছে। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, “সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?”

নির্মাতা অংশু জানিয়েছেন, সিনেমার গল্পে প্রেম, বিচ্ছেদ ও মহাকাশযাত্রার এক রহস্যময় মেলবন্ধন থাকবে।

তবে নারী চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

রাজকে নির্বাচনের কারণ জানিয়ে অংশু বলেন, “‘ন ডরাই’ করার সময় থেকেই রাজ যথেষ্ট ভালো ও ন্যাচারাল অভিনেতা। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও উন্নতি হয়েছে, মানুষ হিসেবেও সে এখন অনেক পরিণত। ‘লিম্বো’র চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য রাজই আমার কাছে সবচেয়ে ভালো অপশন ছিল।”

পুনরায় অংশুর পরিচালনায় কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, “‘ন ডরাই’-এর পর প্রায় চার-পাঁচ বছর পর আবার অংশু ভাইয়ের সঙ্গে যুক্ত হলাম। তিনি নিঃসন্দেহে একজন ক্রিয়েটিভ নির্মাতা। এবার তিনি যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি আনন্দিত।”

চিত্রনাট্যকার হিসেবে বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়াকেও ইতিবাচকভাবে দেখছেন এই অভিনেতা। তিনি বলেন, “অংশু ভাইয়ের ভিশন ও বিপ্লব গোস্বামীর মত মানুষের চিত্রনাট্য–সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড। সিনেমার সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি।”