১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: জামিনে মুক্ত গাজীপুরের সেই সিফাত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দফা তার জামিন আবেদন নাকচ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 08:43 PM

Updated : 19 Nov 2026, 08:43 PM

বিদ্যুতের বাড়তি বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে ‘কটূক্তি’র অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।

২৫ বছর বয়সী সিফাত আবদুল্লাহ গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

জেলার বলেন, বুধবার বিকেলে সিফাতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকার বাসা থেকে সিফাতকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়। প্রথমে ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় জামিন আবেদন খারিজের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে বুধবার রাতে মুক্তি পান সিফাত।

পুরনো খবর:

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, গাজীপুরের সেই সিফাত কারাগারে