১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, গাজীপুরের সেই সিফাত কারাগারে

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ।

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, গাজীপুরের সেই সিফাত কারাগারে
সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 11:54 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

বিদ্যুতের বাড়তি বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার দুপুরে গাজীপুর মহানগর আদালতে তাকে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন গাছা থানার ওসি গোলাম রব্বানী।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা এলাকা থেকে তাকে আটক করে গাজীপুর মহানগর পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।

২৫ বছর বয়সি সিফাত আব্দুল্লাহ নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। 

সবশেষ বৃহস্পতিবার তিনি এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে প্রকাশ করেন। ভিডিওতে সরকার সংশ্লিষ্টদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।

ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় চলতি মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার দাবি, এই বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত। এ নিয়ে ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ভিডিওটি ছড়ালে তাকে আটক করে পুলিশ।

ওসি গোলাম রব্বানী বলেন, ‌“প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।”