সুখী হওয়ার কৌশল দেখাবে ‘হ্যাপিলি ম্যারিড’: আরিফিন শুভ
‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় আরিফিন শুভ ও কেয়া পায়েল প্রথমবার জুটি বেঁধেছেন।
বিয়ের পর একটি দম্পতির সম্পর্ক কোন ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে এগোয়, জীবনের সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’।
নির্মাতা জাহিদ প্রীতমের নির্মাণে বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি। ‘হ্যাপিলি ম্যারিড’ এর মুক্তি ঘিরে এক প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।
ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে সোমবার সিনেমার প্রিমিয়ার হয়েছে। সেখানে ছিলেন সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও কেয়া পায়েল; সঙ্গে ছিলেন নির্মাতা ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে দাম্পত্য জীবনের বাস্তব রূপ ও সিনেমার মূল ভাব তুলে ধরে অভিনেতা আরিফিন শুভ বলেন, "আমাদের এই কাজটির একটি বিশেষ সংলাপ হল 'হ্যাপিলি ম্যারেড’, কিন্তু একটি দাম্পত্য জীবনটা শুরু হয় 'হ্যাপি' শব্দটা ফুরিয়ে গেলে।”
বিবাহিত জীবনে সুখী থাকার উপায় কী প্রশ্নে শুভ বলেন, "ম্যারিড লাইফে হ্যাপি থাকার কৌশল ‘হ্যাপিলি ম্যারিড’ এ দেখানো হয়েছে। এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।"
কাজের অভিজ্ঞতা নিয়ে শুভর ভাষ্য, "পুরো টিম, ক্যামেরার পেছনের মানুষ এবং সহশিল্পীদের সঙ্গে অনেক কষ্ট করে কাজটি করেছি, আবার অনেক আনন্দও পাওয়া গেছে।"
‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প তৈরি হয়েছে সমকালীন সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ঘিরে। এতে আনিস চরিত্রে অভিনয় করেছেন শুভ। সহজ-সরল ও সৎ এই যুবকের বিপরীতে অনামিকা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।
উচ্চবিত্ত শহুরে জীবনে বেড়ে ওঠা অনামিকার জগৎজুড়ে রয়েছে সোশাল মিডিয়া ও ভার্চুয়াল দুনিয়ার নানা রোমাঞ্চকর ঘটনা। এই আলাদা মানসিকতার দুই মানুষের বোঝাপড়ার অমিলের গল্পেই এগিয়ে যাবে সিনেমাটি।
এই সিনেমার মাধ্যমে কেয়া পায়েলের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শুভ।
প্রিমিয়ারে আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও আরও ছিলেন রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ আরও অনেকে।
