২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি

“এটা প্রেমের গল্প, প্রতিশোধের গল্প।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 01:14 PM

Updated : 23 Nov 2026, 01:14 PM

দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন ও নাটক নির্মাণের পর এবার বড় পর্দায় আসছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার।

‘মস্তান’ নামের চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যেখানে একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জা এবং ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহিকে।

নির্মাতা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ‘মস্তান’এর দৃশ্যধারণ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমার গল্প ও প্রেক্ষাপট নিয়ে গোলাম হায়দার কিসলু বলেন, “এক লাইনে যদি গল্পটা বলি, তাহলে এটা প্রেমের গল্প, প্রতিশোধের গল্প। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের কাহিনী থাকবে এতে।”

তবে এই সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনই প্রকাশ করতে চান না তিনি।

নির্মাতা জানিয়েছেন, সিনেমার দৃশ্যধারণ হবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে।

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার পর ‘মস্তান’ হতে যাচ্ছে আরিফিন শুভর নতুন সিনেমা।

অন্যদিকে, তমা মির্জাকে শেষ দেখা গেছে ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘মন যে বোঝে না’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন শুভ; যদিও ওই সিনেমাটির শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।

সম্প্রতি ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন তমা মির্জা, যেখানে তার সহশিল্পী আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

‘খলনায়ক’-এ তমার পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীও। এছাড়া শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিংয়ের ব্যস্ত চঞ্চল। ডিসেম্বরে এই সিনেমা শেষ করেই ‘মস্তান’ এ যুক্ত হবেন তিনি।

অন্যদিকে, এখন মাহি আছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে, পুয়ের্তো রিকোতায়। সেখানে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

‘মস্তান’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে তার।