চুয়াডাঙ্গায় ‘১১ সোনার বারসহ পাচারকারি’ আটক
বারগুলোর আনুমানিক দাম ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১১টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করা হয়েছে; যাকে চোরাকারবারি বলছে বিজিবি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দর্শনা ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
আটক তরিকুল ইসলাম (৩২) দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর বলেন, দর্শনা থানাধীন সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে সোনার বার পাচারের গোপন খবর আসে। বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৮/৬ আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে ওই গ্রামের ভেতর দিয়ে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করে আটক করে। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ কোনো কিছু থাকার কথা অস্বীকার করেন।
পরে বিজিবির টহলদল তরিকুলের দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে রাখা সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮১৬ গ্রাম ওজনের ছোট-বড় ১১টি সোনার বার পায়। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
সাঈদ মোহাম্মদ জাহিদুর আরও বলেন, সোনার বারগুলো নিজ জিম্মায় রাখা ও শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে বহনের অপরাধে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে বিজিবির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
