টাঙ্গাইলে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
তিনি অনেক ঋণ করে ফেলেছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে টাঙ্গাইলের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঘারিন্দা রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের নীচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ এএসআই ফজলুল হক জানান।
নিহত সীমান্ত সরকার পরিমল (৪৫) শহরের প্যাড়াডাইসপাড়া এলাকার মৃত পলান সরকারের ছেলে। তিনি শহরের ছয়আনি এলাকার মিষ্টিপট্টিতে মিষ্টির ব্যবসা করতেন।
সীমান্তের স্বজনরা সাংবাদিকদের বলেন, তিনি প্রচুর ঋণ করে ফেলেছিলেন। এর মধ্যে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেনের কাছ থেকে তিনি অনেক টাকা নিয়েছিলেন। এ নিয়ে তিনি চাপে ছিলেন।
শনিবার সন্ধ্যায় ইথেনের নাম উল্লেখ করে ফেইসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন। তার কিছু পরেই তিনি আত্মহত্যা করেন। রাতে অবশ্য তার ফেইসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাবেক নেতা সালেহ মোহাম্মদ ইথেন সাংবাদিকদের বলেন, “সীমান্ত আমার কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন হলেও সেই টাকা পরিশোধ করছিলেন না। বরং আমাকে না জানিয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন।”
“পাওনা টাকার বিপরীতে রোববার অথবা সোমবার সেই মিষ্টির দোকান আমার নামে লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত আত্মহত্যা করবেন এটা ভাবতে পারিনি আমি।”
এএসআই ফজলুল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
