কুমিল্লায় পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লায় অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে এক আড়তদারকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর চকবাজার এলাকার পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান।
তিনি বলেন, অভিযানকালে পেঁয়াজ ক্রয়ের রসিদ যাচাই, বিকৃত মালের বিক্রয়ের তথ্য যাচাই এবং মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি-না যাচাই করা হয়। এ ছাড়া মূল্য তালিকায় কম লিখে বেশি দামে বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই এলাকার মেসার্স হাসেম ট্রেডার্স মূল্য তালিকায় একটি দর লিখে রেখেছেন। বাজার থেকে ফিরে ক্রেতা সেজে ফোন দিয়ে জানা যায়, তিনি মূল্য তালিকায় উল্লিখিত দাম থেকে কেজিতে ২০ টাকা বেশি চেয়েছেন।
“তদারকি দলের কাছে বিষয়টি উদঘাটিত হওয়ায় ভোক্তার সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে প্ররোচিত করায় ওই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বলে জানান তিনি।
সহকারী পরিচালক আছাদুল বলেন, ওই দিনই ভোক্তা অধিকারের তদারকি অভিযানে ওষুধের গায়ের মূল্য কেটে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করায় নগরীর পুলিশ লাইন এলাকার আল ফালাহ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
