২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘২০০ বছরের পুরনো’ টেলিস্কোপ উদ্ধার, গ্রেপ্তার ৬

টেলিস্কোপটি প্রায় ২০০ বছরের আগের বলে ধারণা পুলিশের।

রংপুরে ‘২০০ বছরের পুরনো’ টেলিস্কোপ উদ্ধার, গ্রেপ্তার ৬

রংপুরে উদ্ধার করা টেলিস্কোপ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 08:57 PM

Updated : 01 Apr 2023, 08:57 PM

রংপুর সদর উপজেলায় পুরনো একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টায় মহানগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপটি উদ্ধার করা হয় বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা কাফরুল থানার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম (৪৯), ঢাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯), একই জেলার আবদুল কাদের মিয়ার ছেলে আবদুর রাজ্জাক (৫৬), পঞ্চগড়ের আবদুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) এবং একই জেলার রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)।

উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, “গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন প্রতারক ব্রিটিশ আমলের একটি টেলিস্কোপ বিক্রির জন্য হোটেলে অবস্থান করছেন।

“পরে অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ছয়জনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, টেলিস্কোপটি প্রায় ২০০ বছর আগের।”

আটকদের নামে প্রতারণার মামলা করা হয়েছে বলে কাজী মুত্তাকী ইবনু মিনান জানান।