২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে ঝালকাঠিতে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

সংঘর্ষে উভয় পক্ষের আহত চার জনের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জমি নিয়ে বিরোধে ঝালকাঠিতে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

ঝালকাঠির কাঠালিয়ায় সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 08:19 PM

Updated : 14 Aug 2023, 08:19 PM

জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চার জন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনার ঘটে বলে কাঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান।

নিহত কবির হোসেন মোল্লা (৪০) ওই গ্রামের প্রয়াত সৈজদ্দিন মোল্লার ছেলে।

আটকরা হলেন- আলতাফ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা ও মিরাজ হোসেন মোল্লা।

সংঘর্ষে আহতরা হলেন- বাবুল হোসেন (৬০), অপর পক্ষের আলতাফ হোসেন (৬৮), তার ভাই আনোয়ার হোসেন (৬০) ও মিরাজ হোসেন (৪৫)। তাদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে ছোনাউটা গ্রামের প্রয়াত সৈজদ্দিন মোল্লার ছেলে বাবুল হোসেন মোল্লা (চৌকিদার) ও কবির হোসেন মোল্লার সঙ্গে একই বংশের মাওলানা ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, চাঁন মিয়া মোল্লা, সরোয়ার হোসেন মোল্লা ও মিরাজ মোল্লার বিরোধ চলে আসছিল।

“সোমবার আলতাফ, আনোয়ার ও তার লোকজন বিরোধীয় জমিতে চাষাবাদ করতে যান। এ সময় বাবুল, তার ভাই কবির ও বেলাল সরদার বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

“প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবির হোসেন নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত চার জন। আহতদের মধ্যে বাবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি শহীদুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আটক তিন জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।