ঝিনাইদহে বাসে তল্লাশি চালিয়ে ‘১৭টি সান্ডা’ উদ্ধার, যুবক আটক
ওই যুবক ভারতের সীমান্ত এলাকা থেকে সান্ডা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানায় বলে পুলিশের দাবি।
ঝিনাইদহে বাসে তল্লাশি চালিয়ে ১৭টি সান্ডা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন এক যুবক।
গত বুধবার জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা বাসে তল্লাশি চালিয়ে সান্ডাগুলো উদ্ধার করা হয় বলে জেলার পুলিশ সুপার আজিম উল আহসান জানান।
আটক আব্দুর রাজ্জাক ওরফে রাজু (৩২) জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, মহেশপুরের মান্দারতলা সড়কে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করা হচ্ছিল।
এ সময় জলুলীর দিক থেকে আসা একটি বাস ওই চৌকিতে থামিয়ে তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
তখন বাসযাত্রী রাজুর কাছে থাকা একটি ব্যাগের মধ্যে বন্যপ্রাণীগুলো দেখতে পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভারতের সীমান্ত এলাকা থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করেন বলে রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানান বলে পুলিশের দাবি।
এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা ও উদ্ধার সান্ডাগুলো আদালতের নির্দেশে বনবিভাগের মাধ্যমে নিরাপদ জায়গায় অবমুক্ত করার ব্যবস্থা হয়েছে বলে জানান এসপি আজিম উল আহসান।
