২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ব্যালট পেপারসহ বাক্সে‌ অগ্নিসংযোগ, কেন্দ্র স্থগিত 

পুলিশের দাবি, বাক্স রক্ষায় এগিয়ে গেলে দুর্বৃত্তদের দ্বারা দুই আনসার সদস্য আক্রান্ত হন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 06:03 PM

Updated : 07 Jan 2024, 06:08 PM

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ব্যালট পেপার ভরতি বাক্স বাইরে এনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কেন্দ্রটি স্থগিত করা হয়।

রোববার ভোটগ্রহণের শেষ দিকে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে গোপালপুর থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান।

তিনি আরও বলেন, বাক্স রক্ষায় এগিয়ে গেলে দুর্বৃত্তদের দ্বারা দুই আনসার সদস্য আক্রান্ত হন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছুড়েন।  এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, “শতাধিক লোক আতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে পেপার ভরতি ব্যালটের বাক্সটি বাইরে নিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাক্সে থাকা প্রায় তিনশ ব্যালট পুড়েছে।”

তিনি আরো বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। পরে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। বাকি ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করি।”