কুড়িগ্রামে মধ্যরাতে আগুনে ৪ গরুসহ বসতবাড়ি ছাই
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ি মালিকের।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ পাঁচটি ঘর ও আসবাবপত্র ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ি মালিকের।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম।
এলাকাবাসী জানায়, ওই এলাকার প্রয়াত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রাতে হঠাৎ তার বাড়ির রান্নাঘরে আগুন দেখা যায়। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা গোয়ালঘরসহ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর এবং ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ছাই হয়ে যায়। এ ছাড়া ঘরে থাকা প্রায় ২০ মণ ধান, চার মণ সরিষা ও আলু আগুনে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের স্ত্রী আজিতা বেগম বলেন, “আমরা শেষ হয়ে গেছি। কষ্ট করে গড়া সবকিছু পুড়ে গেছে। এখন আমাদের কিছুই অবশিষ্ট নাই। এখন বসবাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত হওয়া যাবে।
