১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদ বোনাসসহ ১৪ দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

দাবি মেনে নেয়ার আশ্বাসে দেড় ঘণ্টা পর সড়ক ছাড়েন তারা।

ঈদ বোনাসসহ ১৪ দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 02:26 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

ঈদ বোনাসসহ ১৪ দফা দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। দাবি মেনে নেয়ার আশ্বাসে দেড় ঘণ্টা পর সড়ক ছাড়েন তারা। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এর আগে সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা। বেলা ১০টার দিকে তারা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছান।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ইসমক্স সোয়েটার কারখানায় প্রায় ১২শ শ্রমিক কাজ করছেন। দীর্ঘ দিন কাজ করলেও তাদের ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। 

এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন তারা।

পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।  

পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

প্রতিনিধি/এমডব্লিউ