শেরপুরে ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত ইয়াকুব দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের প্রয়াত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল মান্নান জানান।
দণ্ডপ্রাপ্ত মো. ইয়াকুব আলী (৫৫) উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের প্রয়াত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৫ মার্চ বিকাল ৪টার দিকে বাড়ির একটি জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার বড় ভাই হাতেম আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াকুব আলী ভাই হাতেম আলীকে ধারালো দা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দেয়। পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দেন।
আইনজীবী আব্দুল মান্নান বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
