২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

মঙ্গলবার সকালে স্বামীর মোটরসাইকেলে চড়ে ভগিরতপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 02:28 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক নারী মারা গেছেন। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে আলমডাঙ্গার চিৎলা-রুইতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান। 

মারা যাওয়া বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা এবং ওই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। 

রুইতনপুর গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন, বিউটি খাতুন মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে ভগিরতপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। চিৎলা-রুইতনপুর এলাকায় পৌছুলে হঠাৎ বিউটি খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। 

পরে গুরুতর আহত বিউটি খাতুনকে তার স্বামী মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্বামীর মোটরসাইকেল থেকে স্ত্রী পড়ে মারা গেছে। তবে কোনো অভিযোগ পাওয়া না গেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।