২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দুই ভাগ হল এডওয়ার্ড কলেজের মেহগনি গাছ

গাছটির দ্বিখণ্ডিত হওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বজ্রপাতে দুই ভাগ হল এডওয়ার্ড কলেজের মেহগনি গাছ
বজ্রপাতে পাবনা এডওয়ার্ড কলেজের বিশাল মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের একটি বিশাল মেহগনি গাছ মাঝখান বরাবর ফেটে দুই ভাগ হয়ে গেছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাছটির দ্বিখণ্ডিত হওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গাছটি দেখতে উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। 

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হতাহত নেই। শুধু গাছটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। দ্বিখণ্ডিত গাছটি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, “হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় আমরা সবাই নিরাপদ স্থানে চলে যাই।”

কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী জানান, আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। এক সময় বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে সবাই বাইরে আসেন। তখন দেখতে পান, বিশাল আকৃতির মেহগনি গাছটি ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে।