২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের অভাবে বেহাল শাবি ক্যাম্পাসের সড়ক

কর্তৃপক্ষ বলছে, এখন বর্ষাকাল হওয়ায় সংস্কারে হাত দেওয়া যাবে না। শুকনো মৌসুমে সংস্কার কাজ করবেন তারা।

নোমান মিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 05:33 PM

Updated : 11 Jun 2023, 05:33 PM

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলো। এতে চলাফেরায় ভোগান্তি পোহাচ্ছেন এ শিক্ষায়তনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই।

দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও ক্যাম্পাসের সড়কগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেই।

কর্তৃপক্ষ বলছে, বর্ষা মৌসুম চলে আসায় এখন সংস্কারে হাত দেওয়া যাবে না। শুকনো মৌসুমে সংস্কার কাজ করবেন তারা।

অপরদিকে, নিজেদের টাকায় সড়ক মেরামত করে উদাহরণ সৃষ্টি করতে চায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল সংলগ্ন সড়ক, মেডিকেল সেন্টার সংলগ্ন সড়ক থেকে শিক্ষাভবন- ‘বি’ এর সামনে পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় প্রতিনিয়ত গাড়ি চলাচলে গর্তগুলো দিনদিন আরও বড় আকার ধারণ করছে।

সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যাওয়ায় যানবাহনে বিপজ্জানক ঝাঁকুনি ও পায়ে হেঁটে চলাচলকারীদের গায়ে কাদাপানি ছিটকে পড়ে জামা-কাপড় নষ্ট হওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

এ ছাড়া সড়কগুলোর বেহাল পরিস্থিতিতে যেকোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কাও করছেন যাতায়াতকারীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর সিলেটের ভয়াবহ বন্যায় ক্যাম্পাসের সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়। এর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কাজের জন্য এসব সড়কে ভারি যানবাহন চলাচল করছে। বন্যার পর সড়কগুলো দশা আরও বেহাল হতে থাকে।

এতে ছোট যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, “রাস্তার কারণে প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। উন্নয়ন কাজের জন্য ভারি যানবাহন চলাচল করায় রাস্তা খারাপ হলে বারবার রিপিয়ার করতে হয়। গত বছরের বন্যার পর থেকে রাস্তা আরও খারাপ হচ্ছে।”

সড়কগুলো আরও চওড়া হওয়া দরকার মনে করে ড. আশরাফ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত রাস্তা চার লেইন ও গোলচত্বর থেকে ইউনিভার্সিটি সেন্টার পর্যন্ত দুই লেইন করা দরকার।”

ভাঙা সড়কের কারণে দুভোর্গের কথা জানিয়ে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “ভাঙা রাস্তার গর্তে সামন্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। পাশে দিয়ে কোনো গাড়ি গেলে কাদাপানি ছিটকে জামা-কাপড়ে লেগে যায়।”

তিনি আরও বলেন, “২০১৯ সালে যখন ভর্তি পরীক্ষা দিতে আসি তখন রাস্তা অনেক সুন্দর ছিল। একটি বিশ্ববিদ্যালয়ের রাস্তা ভাঙাচোরা মোটেও সুন্দর দেখায় না। কর্তৃপক্ষের উচিত দ্রুত মেরামতের কাজে হাত দেওয়া।’’

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াকির আহমেদ শাবি ক্যাম্পাসে বেড়াতে আসেন।

ক্যাম্পাসের রাস্তার বেহাল অবস্থা দেখে তিনি বলেন, “একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের এমন সড়ক মোটেই কাম্য না। এতে বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট হয়।”

সমস্যার কথা জানিয়েছেন ইজিবাইকের চালকরাও।

ক্যাম্পাসে ইজিবাইক চালক নাঈম মিয়া বলেন, “সবাই ভাঙা রাস্তা এড়িয়ে ভালো রাস্তা দিয়ে চলাচল করতে চায়। ফলে দেখা যায়, রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে সবারই সমস্যা হচ্ছে।” 

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইজিবাইক পরিচালনা কমিটির সমিতির সভাপতি বিলাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার খারাপ হওয়ায় গাড়ির ক্ষতি হয়। আমাদের ছোট গাড়ির বিয়ারিং ভেঙে যায়, চাকা ফুটো হয়ে যায়; ময়লাও ঢুকে যায় চাকার ভেতরে। অনেক সময় গাড়ির ঝালাইও ছুটে যায়। এতে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়; যাত্রীরাও অস্বস্তির মধ্যে পড়েন।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমিতির পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এক কিলোমিটার সড়কটা মেরামত করব।”

প্রকৌশল দপ্তর থাকতে আপনারা কেন সংস্কারের উদ্যোগ নিচ্ছেন, এমন প্রশ্নে ড. কবির হোসেন বলেন, “আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে টাকা নেবো না। এই কাজটা দুই বছর আগে করছিল। এখন রাস্তায় গর্তের সৃষ্টি হইছে। এটা দিয়ে ভালোভাবে চলার মত পরিস্থিতি নেই। এটা একটা উদাহরণ তৈরি হবে। এ জন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ করতে চাই।”

সড়কগুলোর বেহাল অবস্থা ও সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘রাস্তায় সমস্যা অবগত আছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন বর্ষা মৌসুম। বৃষ্টির কারণে রাস্তার কাজ সংস্কার করা সম্ভব হচ্ছে না। শুকনা মৌসুমে এসব রাস্তা সংস্কার করা হবে।”