১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্ধ্যায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

এর আগে দিনের দুই দফায় কাফরুল ও পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মিরপুরে সন্ধ্যায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ভিডিও থেকে নেওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:33 PM

Updated : 18 Nov 2026, 06:36 PM

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকরা সন্ধ্যায় সড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দিনের দুই দফায় কাফরুল ও পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান নাছের রিকাবদার সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুক্ষণ আগে শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধের চেষ্টা করেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।”

এর আগে দুপুর ১২টার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকদের কয়েকজন বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

মিরপুর ১২ এর স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী দ্বীন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। তখন সাউন্ড গ্রেনেডও ফাটানো হয়েছিল। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন ছিল।

ওই সময়কার পরিস্থিতির বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করছিলেন। পুলিশ বারবার সতর্ক করার পরও তারা কথা শোনেননি। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

সড়কে কতজন শ্রমিক নেমেছিলেন জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ হতে পারে আবার কিছুটা কমও হতে পারে।

Image

ভিডিও থেকে নেওয়া।

এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

আন্দোলনকারী শ্রমিকরা এসময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সার্বিক পরিস্থিতি নিয়ে উপ পুলিশ কমিশনার হাসান নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। তাদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।