২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 07:29 PM

Updated : 07 Nov 2022, 07:29 PM

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের পৃথক কর্মসূচিকে ঘিরে দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ পালন উপলক্ষে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগ। 

অপরদিকে একই দিনকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে দলের নেতা-কর্মীরা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। 

ছাত্রলীগের মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএনপির মিছিলের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বেধে যায়। 

এক পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পোস্ট অফিস মোড়ে অবস্থান নেন। 

সংঘর্ষ চলাকালে যুবলীগ নেতার  আশফাক মাহমুদ জনের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। পরে বিএনপি নেতা-কর্মীরা মিছিল করে মডার্ন মোড়ে গিয়ে সমাবেশ করেন। 

জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে শান্তিপূর্ণ মিছিল করছিলেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। 

“আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। সেই সাথে আমার ব্যবসায় প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।” 

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করছিলাম। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। বিএনটি নেতা-কর্মীরা তাদের প্রতিহত করে।” 

তিনি তাদের সাত কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন এবং যুবলীগ নেতার ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর চালানোর বিষয়টি অস্বীকার করেন। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, শহরে দুপক্ষ মুখোমুখি হয়ে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু করলে পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।