২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কিশোরের লাশ উদ্ধারের আড়াই বছর পর জানা গেল হত্যার কারণ

ঘটনাস্থলে পাশের একটি পুকুর সেচের সময় স্থানীয় জামাল আহমেদ নামে একটি ধারালো দা খুঁজে পান, যেটি সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

সিলেটে কিশোরের লাশ উদ্ধারের আড়াই বছর পর জানা গেল হত্যার কারণ

সিলেটে এক কিশোর হত্যায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 01:50 AM

Updated : 28 Jul 2023, 01:50 AM

সিলেটের শাহপরাণে এক কিশোর হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রহস্য উদঘাটনের কথা জানান সিআইডি সিলেট জোনের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

তিনি বলেন, ২০২১ সালের ২৩ জানুয়ারি বিকালে সিলেটের শাহপরাণ এলাকার উত্তর দলইছড়া কাউতলা এলাকায় মোখলেছুর রহমানের বাগানের ছড়া থেকে অজ্ঞাত (১৫) কিশোরের লাশ পাওয়া যায়। স্থানীয় এক নারী মোখলেছুর রহমানের কেয়ারটেকার ফয়েজ আহমদকে বিষয়টি জানালে তিনি বাগান মালিক ও স্থানীয় খাদিমপাড়া ইউপির সাবেক সদস্য বদরুল ইসলাম আজাদকে ফোন করেন।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরদিন বাড়ির কেয়ারটেকার ফয়েজ আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা দায়ের করেন।

মামলাটি ক্লু লেস ছিল জানিয়ে এসপি সুজ্ঞান চাকমা বলেন, “দুই তদন্ত কর্মকর্তার হাত বদলের পর মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ২০২২ সালের ২৭ জুলাই মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির পরিদর্শক মুহাম্মদ শামসুল হাবিবকে। সিআইডির টিম প্রথমে নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করে। জানা যায়, তার নাম শাহরিয়ার ওরফে শাকারিয়ার।  নিহত কিশোরের বাবা নগরীর ঘাসিটুলার মো. সেলিম ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন, পরে ডিএনএ পরীক্ষাতেও তা নিশ্চিত হওয়া যায়।”

এ ঘটনায় বুধবার রাতে আলাদা অভিযান চালিয়ে নগরীর ঘাসিটুলার বাসিন্দা সেলিম আহমদ (২১) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থলে পাশের একটি পুকুর সেচ করার সময় স্থানীয় জামাল আহমেদ নামে এক ব্যক্তি একটি ধারালো দা খুঁজে পান তিনি। যেটি সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

সংরক্ষিত দা’টি কিশোর শাহরিয়ারকে হত্যায় ব্যবহার করা হয়েছিল বলে জানান আসামিরা। পরে সেটি আলামত হিসেবে সংগ্রহ করে পুলিশ।

গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে এসপি বলেন, “খুনের মোটিভ খুঁজতে গিয়েই রহস্য উদঘাটন হয়। জানা যায়, আসামিরা একসঙ্গে চলাফেরা ও মাদক সেবন করত। মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে শাহরিয়ারকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দলইপাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রথমে চাকু দিয়ে আঘাত করে তাকে আহত করা হয়। পরে গ্রেপ্তার সেলিমের কাছে থাকা দা দিয়ে মাথা, বুকে, পেটে, পিঠে কুপিয়ে হত্যা করা হয়।”

সংবাদ সম্মেলনে বলা হয়, শাহরিয়ারের সঙ্গে পুরোনো দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়। হত্যায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মুহাম্মদ শামসুল হাবিব বলেন, “খুনের ঘটনায় জড়িতদের বিকালে আদালতে হাজির করা হয়। তারা স্বেচ্ছায় ঘটনার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।”