২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-৩: স্বতন্ত্রের সমর্থককে পিটিয়ে জখম, ইউপি সদস্যকে হুমকি

আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নরসিংদী-৩: স্বতন্ত্রের সমর্থককে পিটিয়ে জখম, ইউপি সদস্যকে হুমকি

আহত মিরাজ ভূঁইয়া।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 10:20 PM

Updated : 06 Jan 2024, 10:20 PM

নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার এক সমর্থককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।

এ ছাড়া স্বতন্ত্রের সমর্থক শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ইউপি সদস্যকে কেন্দ্রে না যেতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোহাম্মদ সজীব।

আহত মিরাজ ভূঁইয়া (৪০) দরগারবন্দ মধ্যপাড়ার ভূঁইয়া বাড়ির প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোস্তফা ভূঁইয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা দুটি হাইয়েস গাড়িতে করে প্রথমে দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বিরের বাবা ঈগল প্রতীকের সমর্থক সোহরাব হোসেনের খোঁজ করেন। তাকে না পেয়ে পথে মিরাজকে এলোপাতাড়িভাবে মারধর করে পালিয়ে যান তারা।

স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে ভোটকেন্দ্রে না যেতে নৌকার সমর্থকদের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন।

ঈগলের সমর্থক সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন বলেন, “নৌকার লোকজন আমাকে বাড়িতে না পেয়ে আগামীকাল ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে গেছেন।”

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, “হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে যাই। তবে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।”

অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া করা হবে বলে ইউএনও শাহ্ মোহাম্মদ সজীব জানান।

হামলার বিষয়ে জানতে নরসিংদী-৩ (শিবপুর) আসনে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খানের মোবাইলে নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।