মানিকগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার তিন
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদী হয়ে বিএনপির ৪৭ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে বিএনপির ৪৭ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।
“মামলার পর সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা তিনজনই জেলা বিএনপির পদধারী নেতা।”
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান দাবি, হামলার ঘটনায় তার নেতা-কর্মীরা জড়িত নন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “বিএনপি নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তারা কীভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। তবে বিএনপির কোনো নেতা-কর্মী এর সঙ্গে জড়িত নন।“
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, “আজ ভোর পাঁচটার দিকে কৃষক লীগের সদস্য সচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল বিস্ফোরণ ও হামলা করা হয়েছে।
“হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।”
আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
