রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি নছিমনের সঙ্গে ধাক্কা খায়।
রাজবাড়ীতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান জানান।
নিহত যুবকের নাম মুন্না, বয়স ২৫ বছর। তিনি খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
আহত আলামিন (২২) একই গ্রামের হাসান সরদারের ছেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান শরিফুর রহমান স্থানীয়দের বরাতে জানান, রাত ৯টার দিকে বেলগাছি স্টেশন বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মুন্না ও আলামিন।
“বাজার থেকে কিছু দূরে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।”
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে পরে ফরিদপুরে পাঠানো হয়।
