সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু
সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন জারি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার বিকালে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিএনপি নেতা।
আমীর খসরু বলেন, “যতক্ষণ পর্যন্ত এ সরকারের পতন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, মার্চ অন। জনরোষের ভয়ে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে থাকতে চায়। এ জন্য হত্যা, নির্যাতন, হামলা, মামলার পথ বেঁচে নিয়েছে।”
চলমান আন্দোলনে দলের ১১ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দাবি করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকার আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে, যাতে আওয়ামী লীগ অভ্যস্ত। আমরা বলতে চাই, বিএনপির নেতৃত্বে জনগণ আজ মাঠে নেমে এসেছে; এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণই আমাদের অস্ত্র।”
দেশব্যাপী হামলা, মামলা, গ্রেপ্তার ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
