১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের বোঝা কমাতে বিকল্প অর্থায়নে জোর অর্থমন্ত্রীর, নজর আন্তর্জাতিক পুঁজিবাজারে

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির আকার বাড়লে ঋণের পরিমাণও বাড়বে। তবে প্রবৃদ্ধির তুলনায় ঋণ বেশি বেড়ে গেলে তা সঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 06:17 PM

Updated : 15 Nov 2026, 06:17 PM

বাংলাদেশের ঋণের বোঝা কমাতে বিকল্প অর্থায়নের উৎস বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডলার বন্ড ছাড় করা, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইক্যুইটি ফান্ড গঠন এবং সামুরাই ও পান্ডা বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে স্থানীয় মুদ্রায় সুকুক বন্ড এবং বিদেশি মুদ্রায় বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় সরকার।

ঋণের ব্যয় কমাতে বিভিন্ন উৎসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও গড়ে তোলার কথাও বলছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে দুই দিনের ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ’-এর উদ্বোধনী পর্ব শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সরকারি ও বেসরকারি অর্থায়নের কাঠামোতেও পরিবর্তন আসছে। ফলে ঋণ ব্যবস্থাপনায় বিকল্প অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি হয়ে উঠেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণের ওপর নির্ভর না করে অর্থায়নের বিকল্প উৎস তৈরি করতে হবে। নিউ ইয়র্কে ডলার বন্ড ইস্যু, হংকংয়ে বাংলাদেশভিত্তিক ইক্যুইটি ফান্ড গঠন, সামুরাই বন্ড, পান্ডা বন্ড এবং স্থানীয় সুকুক বন্ড ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় ও বিদেশি—দুই বাজার থেকেই বন্ড ছাড় করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে বিদেশি মুদ্রার প্রয়োজন হয়। কেবল স্থানীয় বন্ড ইস্যু করে সেই চাহিদা মেটানো সম্ভব নয়। এজন্য দুই ধরনের বন্ডের সমন্বয়ে অর্থ সংগ্রহ করতে হবে।

ঋণের ব্যয় কমাতে ইক্যুইটি, স্থানীয় বন্ড ও বিদেশি বন্ডের মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, কতটুকু ইক্যুইটি, কতটুকু বন্ড, কতটুকু স্থানীয় এবং কতটুকু বিদেশি বন্ড থেকে অর্থ সংগ্রহ করা হবে, তা বিবেচনায় নিয়ে ঋণের পোর্টফোলিও সাজাতে হবে।

কেবল ব্যাংক থেকে ঋণ নেওয়া কিংবা একটি উৎসের ওপর নির্ভর করলে চলবে না মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন উৎসের সমন্বয় করতে হবে, যাতে ঋণের সামগ্রিক ব্যয় কমিয়ে আনা যায়।

তবে শুধু অর্থ সংগ্রহ করলেই হবে না, সেই অর্থ মানসম্মত প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কি না এবং সেখান থেকে যথাযথ মুনাফা বা সুফল আসছে কি না তা নিশ্চিত করাও দরকার বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ

ঋণের পরিমাণ যেন অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বেশি বেড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, অর্থনীতির আকার বাড়লে ঋণের পরিমাণও বাড়বে। তবে প্রবৃদ্ধির তুলনায় ঋণ বেশি বেড়ে গেলে তা সঠিক হবে না। ঋণের সুদ ও আসল পরিশোধের সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সামঞ্জস্য থাকতে হবে।

ঋণের পরিমাণের চেয়ে এর গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণের অর্থ বিনিয়োগ করে যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে কি না, বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় আসছে কি না, কর্মসংস্থান তৈরি হচ্ছে কি না এবং পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে কি না, সেগুলো নিশ্চিত করতে হবে।

আগের ঋণের বোঝা

সাংবাদিকদের সঙ্গে অর্থমন্ত্রী কথা বলার আগে কাগুজে ‘ব্রিফিং নোট’ দেওয়া হয়।

তাতে বলা হয়, ২০২৪ সালের অগাস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় ঋণের বড় বোঝা, উচ্চ সুদ ব্যয় এবং কম রিজার্ভ পরিস্থিতি পেয়েছিল।

ব্রিফিং নোট অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। ২০২২ সালের জুনে এই ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

তখন সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বিদেশি ঋণ ১০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের সুদ পরিশোধেও বড় চাপ তৈরি হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ ব্যয় ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। একই অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, ২০২১ সালের অগাস্টে বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালের জুলাইয়ে তা কমে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

রিজার্ভ বেড়েছে, কমেছে ঋণের খরচ

ব্রিফিং নোটে বলা হয়েছে, সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে বাজেট ঘাটতি মেটাতে অর্থ নেওয়া প্রায় বন্ধ হয়েছে। ২০২৪ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। ২০২৬ সালের জুনে তা কমে ৪৮২ কোটি টাকায় নেমেছে।

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সরকারি ঋণের ব্যয়ও কমেছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ ছিল। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।

ব্রিফিং নোটে বলা হয়, এখন মূলত দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে, যাতে সরকারের ঋণ পরিশোধের ঝুঁকি কম থাকে।

তবে আগের ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। ২০২৯-৩০ অর্থবছরে এই পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কর-জিডিপি অনুপাত বাড়ানো

ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে কর-জিডিপি অনুপাত উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিনির্ধারণ ও রাজস্ব আদায়ের কাজ আলাদা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। আগে দুটি কাজ একই প্রতিষ্ঠানের অধীনে থাকায় ‘স্বার্থের সংঘাত’ তৈরি হতো বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সর্বশেষ হিসাবে আয়কর ও শুল্ক আদায় উভয় ক্ষেত্রেই প্রায় সাড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ভ্যাট আদায়ের পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি। ত্রৈমাসিক হিসাব সম্পন্ন হতে আরও ১৫ দিন সময় লাগে। তবে ভ্যাট আদায়ও ঊর্ধ্বমুখী ধারায় থাকবে বলে আশা করছেন।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নতুন কৌশল

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ঋণ বুলেটিন প্রকাশ এবং নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী তা প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের মোট ঋণের পরিমাণ, কোথা থেকে ঋণ নেওয়া হচ্ছে, কীভাবে এর সুদ ও আসল পরিশোধ করা হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর-জিডিপি অনুপাতের সঙ্গে ঋণের সম্পর্ক কী—এসব তথ্য জনগণের সামনে স্পষ্ট করতে চায় সরকার।

ব্রিফিং নোটে বলা হয়, ঋণ ব্যবস্থাপনায় একটি সমন্বিত ঋণ ব্যবস্থাপনা কার্যালয় (ডেট ম্যানেজমেন্ট অফিস—ডিএমও) গঠন এবং আধুনিক ও সময়োপযোগী গণঋণ আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি প্রথমবারের মতো বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশ করা হবে। এতে সরকার কখন, কোন উৎস থেকে এবং কী পরিমাণ ঋণ নিতে চায়, সে বিষয়ে বাজার আগেই ধারণা পাবে।

সরকার করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালায়নের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারেও গুরুত্ব দিচ্ছে।

ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণসহ পুরো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ব্রিফিং নোটে বলা হয়েছে।

এছাড়া পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে স্থানীয় বন্ড বাজারের গভীরতা বাড়ানো, সরকারি গ্যারান্টির ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সুকুক ও গ্রিন-ব্লু বন্ডের মতো নতুন আর্থিক উপকরণের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

বাংলাদেশে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে অর্থ বিভাগের সঙ্গে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দুই দিনের সম্মেলনে বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

উচ্চ সুদের বৈশ্বিক পরিস্থিতিতে ঋণ গ্রহণ, স্থানীয় বন্ড বাজার, সুকুক, বেসরকারি বিনিয়োগ, ঋণঝুঁকি মূল্যায়ন, ঋণ ব্যবস্থাপনা কার্যালয় এবং গ্রিন বন্ড ও ইউরোবন্ডের মতো নতুন আর্থিক উপকরণ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী পর্যায়ে মসৃণভাবে এগিয়ে যাওয়ার জন্য বাস্তবসম্মত সুপারিশ তৈরি এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

এজন্য আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজার সহজলভ্য করা এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।