টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত
এ সময় আহত চারজনের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক।
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার সোনারগাঁও রোডে এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
নিহতরা হলেন- মযয়মনসিংহের নান্দাইলের কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) এবং টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
আহতদের মধ্যে নয়ন (২৫) ও মাহতাব (৩০) নামে দুই শ্রমিকের নাম জানা গেছে। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল বলেন, টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলছিল। শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। সন্ধ্যায় হঠাৎ করেই পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়ে।
“এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহারিয়ার লুনা বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চারজনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, দেয়াল ধসের খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে কাজ করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
