গোমতীর চরজুড়ে ‘মাটি লুটেরাদের রাজত্ব’
বালু ও মাটিদস্যুরা যতই প্রভাবশালী হোক, ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
কুমিল্লার গোমতী নদীর চরজুড়ে একসময় সবজির চাষ হলেও এখন সে চর মাটি লুটেরাদের রাজত্বে পরিণত হয়েছে। পুরো চরটি ক্ষত-বিক্ষত ভেকু আর কোদালের আঘাতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাগামহীনভাবে কেটে নেওয়া হচ্ছে গোমতী নদীর চরের কৃষি জমির মাটি। নদীর কোথাও কোথাও ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন।
জেলা প্রশাসন বলছে, গোমতী চরের মাটিকাটা ও বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত আছে। বালু ও মাটিদস্যুরা যতই প্রভাবশালী হোক, ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে প্রশাসন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সামারচর এলাকার হামিদ মিয়া নামের এক বৃদ্ধের সঙ্গে কথা হয়।
গোমতীর চরের বর্তমান দৃশ্যে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “ওরা আগে পুরা নদীটাই খেয়েছে। এরপরও ওদের পেট ভরেনি। তাই এখন গিলে খাচ্ছে গোমতীর চর। চরে থাকা সরকারি সম্পত্তির পাশাপাশি কৃষকদের জমির মাটিও ওরা খাবলে খাচ্ছে। ওরা এতোটাই ভয়ঙ্কর যে, ওদের নামও মুখে এনে প্রতিবাদ করা যায় না। কারণ, নাম বললেই শুরু হয় নির্যাতন আর হয়রানি।”
এ প্রসঙ্গে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, “আমরা গোমতীর নদী ও চরের কৃষি জমি রক্ষায় সাম্প্রতিক সময়ে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা অভিযানকালে যেখানে অবৈধভাবে মাটিকাটা দেখছি, সেখানেই ব্যবস্থা নিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কয়েকজন কৃষক জানান, নদী থেকে পর্যাপ্ত বালু উত্তোলন করতে না পারা এবং বর্তমানে নদীর বালুমহলের ইজারা না থাকায় এখন চর ও নদী সংলগ্ন কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে।
তাদের অভিযোগ, বেশিরভাগ স্থানে ভেকু ও কোদাল দিয়ে কেটে নেওয়া হচ্ছে চরের কৃষি জমির উর্বর মাটি।
এতে গোমতীর চর এলাকায় প্রতিদিনই কমছে কৃষি জমির পরিমাণ। আর অবাধে বালু তোলার ফলে নদীর দুই পাশের প্রতিরক্ষা বাঁধ দিন দিন দুর্বল হয়ে হুমকির মুখে পড়ে যাচ্ছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, গোমতীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে। নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা দিয়ে। পরে জেলার আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস ও দাউদকান্দি উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় গিয়ে মিশেছে।
বাংলাদেশ অংশে এ নদীর দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। নদীর ডান তীরে ৪১ কিলোমিটার ও বাম তীরে ৩৪ দশমিক ৭৫ কিলোমিটার বন্যা ব্যবস্থাপনা বাঁধ রয়েছে।
২০০৫ সাল থেকে গোমতী নদীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার অংশে সরকারিভাবে বৈধ ছয়টি বালুমহাল ইজারা দেওয়া শুরু হয়। তবে ২০২১ সাল থেকে ইজারা দেওয়া বন্ধ রাখে জেলা প্রশাসন।
বিগত সময়গুলোতে দেখা যায়, ছয়টি বালুমহাল ইজারা নিয়ে বালু তোলা হয়েছে অন্তত অর্ধশত স্থানে।
নদীটির কুমিল্লা আদর্শ সদর উপজেলা অংশের সংরাইশ, টিক্কারচর, অরণ্যপুর, ঝাকুনিপাড়া, শালধর পাঁচথুবী, জালুয়াপাড়া, বানাশুয়া, গোলাবাড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হয়।
তারা জানান, প্রতিদিন ভোর রাত থেকে শুরু হয় চরের মাটি কাটা; থামে গভীর রাতে। ট্রাক্টরে করে গোমতী চরের বেশির ভাগ মাটি যায় বিভিন্ন ইটভাটায়।
আগের সময়ের তুলনায় এ বছর মাটিকাটা বেড়েছে। ট্রাক্টরের চাকায় নদীপাড়ের পাকা সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
শুধু গোমতী চরের মাটি কাটাই নয়, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন স্থানে চলছে নদী দখল।
আবদুল হান্নান নামের এক ট্রাক্টর চালক জানান, গোমতী নদীর মাটির ৯০ শতাংশই যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। আর বাকিগুলো মানুষ বিভিন্ন জায়গা ভরাটের কাজে নিচ্ছে। প্রতি ট্রাক্টর মাটির দাম এক হাজার ২০০ টাকা আর প্রতি ড্রাম ট্রাক মাটির দাম দুই হাজার ২০০ টাকা।
কুমিল্লা আদর্শ সদরের দুর্গাপুরের বাসিন্দা আবু ছালেক মিয়া বলেন, “ট্রাক্টর আর ড্রাম ট্রাকে মাটি পরিবহনের ধুলাবালুতে আমরা ছেলে-মেয়েগুলো শেষ। রাত হলেই শ্বাসকষ্ট আর কাশি বাড়ে ওদের। প্রতি বছর আমাদেরকে এই কষ্ট ভোগ করতে হয়। এলাকায় বায়ুদূষণের কারণে শিশুদের রোগবালাই বাড়ছে। এসব বলে কী লাভ? আমাদের কষ্ট আর দুঃখ দেখার কেউ নেই।”
সরেজমিনে ঘুরে জেলার আদর্শ সদর উপজেলার চান্দপুর, কাপ্তানবাজার, পালপাড়া, আলেখারচর, আমতলি, নিশ্চিন্তপুর, টিক্কারচর, ছত্রখিল, রত্নাবতি, সুবর্ণপুর, গোলাবাড়ি, বুড়িচং উপজেলার কংশনগর, বাবুর বাজার, কামালখাড়া, বালিখাড়া, শিমলাইল খাড়া, কামাড়র খাড়া, কাহেতরা, পূর্বহারা, রামনগর, নানুয়ার বাজার, মিথিলাপুর, বাহেরচর, শ্রীপুর, গোবিন্দপুর, কোমাল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া, মনোয়ারপুর, হাসনাবাদ, রামচন্দনপুর, কুসুমপুর, এবদারপুর, বাজেহুরা, মিরপুর, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ, কালিকাপুর, খলিলপুর, চরবাকর, লক্ষ্মীপুর, বারেরারচর, হামলাবাড়ি, বালিবাড়ি, পুরাতন বাজার, বড় আলমপুর, মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ, দক্ষিণ ত্রিশ, উত্তর ত্রিশ, মালিশাইল, মুরাদনগর সদর, ধামঘর, ভুবনঘর, বাখরাবাদ, জাহাপুর, সুবিলাচর, তিতাস উপজেলার ঘোষকান্দি, দাসকান্দি, আসমানিয়া, খানেবাড়ি, কাউরিয়াচর, দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর নিচে, দোনারচর, চেঙ্গাকান্দি, নন্দনপুর, কৃষ্ণপুর, নুরপুর, দৌলতপুর, লালপুর, চর রায়পুর, গৌরীপুর, জিয়ারকান্দিসহ নদীর কমপক্ষে শতাধিক স্থানে মাটি ও বালু তোলার চিত্র দেখা যায়।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, “যেভাবে গোমতী চরের কৃষি জমির মাটি কাটা হচ্ছে- তা বড় বিপর্যয় সৃষ্টি করবে। কুমিল্লার শাক-সবজি উৎপাদনের অন্যতম উৎস গোমতীর চর। এ বছর যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে করে চর থেকে অন্তত ৭০০ একর ফসলি জমি হারাবে।
“পাশাপাশি এসব মাটি বহনকারী ট্রাকের ধুলাবালু উড়ে চরের ফসল নষ্ট হচ্ছে। ফসলের পাতায় ধুলার আস্তরণ জমে ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন কমছে, তেমনি ফসলের গুণগত মানও নষ্ট হচ্ছে। এখনই এসবের বিরুদ্ধে কঠোর না হলে সামনের অবস্থাটা হবে ভয়ঙ্কর।”
জেলা প্রশাসন জানায়, গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয় গত ২৫ ফেব্রুয়ারি।
ওইদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনের সাতজন নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ১৩টি মামলায় আট লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনজনকে পাঁচ দিনের ও দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগের দিন কুমিল্লা আদর্শ সদরের গোমতী পাড়ের এলাকায় পৃথক তিনটি অভিযানে দোষীদের তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, সম্প্রতি নদীর বিভিন্ন অংশে জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হলেও একদিনের জন্যও থামেনি অবৈধভাবে চরের মাটি কাটা।
কুমিল্লা সদরের অরণ্যপুর এলাকার মনিরুল হক, সংরাইশ এলাকার আবদুল মজিদসহ বেশ কয়েকজন কৃষক বলেন, কৃষি জমিগুলো এখন শুধু নামেই আছে, বাস্তবে নেই। বালু আর মাটি খেকোরা সব শেষ করে দিয়েছে। ভূমিখেকোরা বলে, এগুলো নাকি সরকার থেকে ইজারা নিয়েছে। এখন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কারণ, কথা বললেই শুরু হবে নির্যাতন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, “গোমতীর কোনো বাপ-মা নাই। যে যেমনে পারে মাটি লুট করে নিচ্ছে। অথচ কয়েক বছর আগেও চরগুলোতে ছিল সবুজের হাসি।”
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম।
তিনি বলেন, “প্রশাসনের অভিযান হচ্ছে লোক দেখানো। কারণ হোতারাতো ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। যারা ধরা পড়ছেন তারা তো সামান্য শ্রমিক মাত্র। গোমতীর বালু আর মাটি নিয়ন্ত্রণের নেপথ্যে আছে রাজনৈতিক শক্তি। প্রশাসনও জানে, কারা এগুলোর নিয়ন্ত্রণ করছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন মূল হোতাদের বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ করবে না, ততক্ষণ পর্যন্ত গোমতীর অস্তিত্ব রক্ষা হবে না। পুরো গোমতীর চর এখন মাটি খেকোদের আঘাতে ক্ষত-বিক্ষত।”
এ প্রসঙ্গে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, গোমতী নদী চরের মাটিকাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের একাধিক ম্যাজিস্ট্রেট এ নিয়ে কাজ করছেন। এসব বালু আর মাটিদস্যুরা যতই প্রভাবশালী হোক না কেন, আমরা তাদের ছাড় দেব না।
