২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত

২০১৬ সালে ভূমি কমিশন সংশোধন করা হয়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 01:47 PM

Updated : 06 Sep 2022, 02:45 PM

রাঙামাটিতে বুধবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা হওয়ার কথা থাকলেও সভার বিরোধিতা করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতালের কারণে তা স্থগিত করা হয়েছে।

ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার দুপুরে এই কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পার্বত্য নাগরিক পরিষদের মঙ্গলবার ও বুধবার হরতাল আহ্বান করার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের কমিশনের সভা স্থগিত করা হলো।

সভার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

এর আগে এই সভার বিরোধীতা করে ও সাত দফা দাবিতে রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল পালন শুরু করে পাহাড়ের বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার সকাল থেকে এই হরতাল শুরু হয়।

সভা স্থগিতের খবর জেনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের কাছে হরতাল প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি নিশ্চিত হয়ে দুপুরের পর সভা করে আমাদের সিদ্ধান্ত জানাব।”

২০০১ সালে পাশ হওয়া পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী হয় ২০১৬ সালে। এরপর বিধিমালা প্রণয়ন না হওয়ায় থমকে ছিলো কমিশনের কাজ। আইন সংশোধনের পর কমিশন কাজ শুরু করে এবং বিরোধপূর্ণ জমির মালিকদের কাছে দরখাস্ত আহ্বান করে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিসহ নানা কারণে গত কয়েক বছর সক্রিয় দেখা যায়নি কমিশনকে। সম্প্রতি আবারও কাজ শুরুর প্রক্রিয়ায় দেখা যাচ্ছে কমিশনকে। এরই অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে কমিশনের সভা আহ্বান করা হয়েছিলো।

এ নিয়ে কাজী মুজিবুর রহমান বলেছিলেন, “২০১৬ সালে ভূমি কমিশন সংশোধন করা হয়, সেখানে ৭ সদস্যরের মধ্যে ৫ জনই পাহাড়ি। এতে পার্বত্য অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠি বাঙালির কোনো প্রতিনিধি রাখা হয়নি। এই আইনে আপিল করার কোন সুযোগ রাখা হয়নি। যার ফলে এই অঞ্চলে বসবাসকারি বাঙালীরা ভূমি হারাবে।”

ভূমি কমিশনে সকল জাতিগোষ্ঠির প্রতিনিধিত্ব রাখা, বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল, দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি, কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, ‘তথাকথিত’ রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করার সাত দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আরও পড়ুন

পুরনো খবর:

রাঙামাটিতে ৩২ ঘন্টার হরতাল চলছে