তাবলিগে বের হয়ে নিখোঁজ ছাত্রের মরদেহ মিলল মেঘনায়
বরিশালে লঞ্চের সিসি টিভি ফুটেজে পাওয়া ভিডিওতে আবরারকে নদীতে পড়তে দেখা যায় বলে জানায় পুলিশ।
তাবলিগ জামাতের উদ্দেশে বরিশাল থেকে ঢাকার লঞ্চে রওনা হয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গজারিয়া নৌ-পুলিশ শাখার ওসি ইজাজ আহম্মেদ জানান।
২১ বছর বয়সি আবরার করীম ত্বাসিনের বরিশাল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সদর রোডের বাসিন্দা সাইফুল করিম ফেরদৌসের ছেলে। তিনি সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
ওসি ইজাজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটিতে পঁচন ধরেছে।
মরদেহের পরনে থাকা পোশাক দেখে পরিবার আবরারের পরিচয় শনাক্ত করেছে বলে জানায় পুলিশ।
আবরারের মামা আনোয়ার হোসেন বিপু বলেন, “গত ২৭ এপ্রিল নগরীর নিউ সার্কুলার রোডের বাসিন্দা তাবলিগ জামাতের আমীর মো. আনিস ১০ জনকে নিয়ে এমভি সুন্দরবন-১৬ লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
“রাত ১০টার দিকে আবরারকে তার বাবা মোবাইল ফোনে কল দিয়ে আর পাননি। পরে আমীরের কাছ থেকে জানতে পারেন, আবরারকে পাওয়া যাচ্ছে না।”
এ ঘটনায় আবরারের বাবা বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজ ইচ্ছায় তাবলিগে (৪১ দিনের সফর) যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন আবরার। লঞ্চের ভিডিও ফুটেজে রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত তাকে লঞ্চে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তখন লঞ্চটি মুন্সিগঞ্জ এলাকায় ছিল।
“পরে লঞ্চের সিসি টিভি ফুটেজ আরও নিখুঁতভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে, আবরার নদীতে পড়ে গেছেন। সবশেষ তাকে লঞ্চের দ্বিতীয় তলার রেলিংয়ের উপর বসে থাকতে দেখা যায়।”
মুন্সিগঞ্জে আবরারের মরদেহ পাওয়ার বিষয়ে খোঁজখবর নিয়ে দেখার কথা জানিয়েছেন এসআই শহীদুল।
আরও পড়ুন:
